
পূর্বতন সরকারের আমলে দুর্নীতির অভিযোগ তুলে বেলডাঙা পঞ্চায়েত সমিতিতে তালা ঝোলালেন হুমায়ুন কবির। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা বিধায়ক হুমায়ুন কবির সোমবার দুপুরে কয়েকজনকে নিয়ে শক্তিপুর থানার বেলডাঙা ২ পঞ্চায়েত সমিতির অফিসে যান।
তার অভিযোগ তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েত সমিতিতে সরকারি প্রকল্পের কাজে বেনিয়ম হয়েছে। বিধায়ক দাবি, দুয়ারে সরকার কর্মসূচিতে প্রায় ২৮ কোটি টাকার দুর্নীতি হয়েছে। রেজিনগর বিধানসভার তৃণমূল প্রার্থী আতাউর রহমানের নেতৃত্বে লুঠ চলেছে বলে অভিযোগ করেছেন হুমায়ুন কবির। ওই পঞ্চায়েত সমিতির সভানেত্রী বিউটি বেগম আতাউরের স্ত্রী। হুমায়ুন কবির হুঁশিয়ারি দিয়ে বলেছেন যতক্ষণ না এই দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে ততক্ষণ কোনও টাকা দেওয়া যাবে না।
পঞ্চায়েত সমিতির পাশাপাশি ভূমি এবং ভূমি সংস্কার দফতরের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন হুমায়ুন কবির। এলাকায় সক্রিয় মাটি পাচার চক্র নিয়ে বিএলআরওদের সঙ্গে বৈঠকও করেছেন।








