
এ বার মেদিনীপুর পুরসভার কনজারভেন্সি সিআইসি তথা মেদিনীপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুসময় মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ওই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল করে রাখার অভিযোগ উঠেছে। তা ছাড়াও অন্যের বাড়ি দখল করে গুদামঘর বানানো এবং ভাড়া চাইলে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, সরকারি সম্পত্তি দখল করে খানিকটা বিক্রি করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। এদিকে, ডিম থেরাপি দেওয়া হয়েছে মহেশতলা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন রায় চৌধুরি-কে। তিনি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত। স্থানীয় বিজেপির নেতৃত্বের দাবি, বিগত দিনে বিজেপির কর্মীদের মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন জেল খাটিয়েছেন। এলাকার মানুষ ওই কাউন্সিলর কে দেখতে পেয়ে পচা ডিম ছোঁড়েন এবং চোর চোর স্লোগান দিয়ে কার্যত চড় থাপ্পড় মারে। অন্যদিকে, গোঘাটে নারী নির্যাতন,বাড়ি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র নিয়ে হুমকি, মারধর তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল অঞ্চল সভাপতি গিয়াসউদ্দিন খান।
নির্দিষ্ট অভিযোগ পেয়েই গোঘাট থানার পুলিশ মঙ্গলবার ভোরে বাড়ি থেকে গ্রেফতার করে তৃণমূল নেতা গিয়াসউদ্দিন খান-কে। যদিও গিয়াসউদ্দিনের দাবি মানুষের উপকার করার জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে।








