
ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে বারাসতের তৃণমূল কাউন্সিলরকে ৯ দিনের সিআইডি হেফাজতে পাঠাল আদালত। শুক্রবার অভিযুক্ত বারাসতের ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার সহ ৮ জনকে আদালতে তোলে সিআইডি।
অভিযুক্তদের ১৪ দিনের হেফাজতে পেতে আবেদন জানায় সিআইডি। যদিও ব্যারাকপুর আদালতের বিচারক ৯ দিনের সিআইডি হেফাজত মঞ্জুর করেন। ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করে ২ কোটি ২৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়ার অভিযোগ ওঠে তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের বিরুদ্ধে। বারাসতে ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল পার্টি অফিস থেকেই অপহরণের ছক করা হয়। ব্যবসায়ীকে অপহরণের মূল চক্রান্তকারী তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। তাঁর নির্দেশেই ২ কোটি ২৫ লাখ টাকা মুক্তিপণ চায় তাঁর সঙ্গীরা। ২ সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীর বাড়ির পার্কিং লট থেকে ত্রিপুরার ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এরপর বারাসতের যশোর রোডের ধারে একটি আবাসনের ফ্ল্যাটে। সেখানে তাঁকে মারধর করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে সিআইডি। এরপর ৭ অভিযুক্তকে গ্রেফতার করে। তদন্তে জানা যায় পুরো ঘটনার মাস্টার মাইন্ড তণমূল কাউন্সিলর মিলন সর্দার।
