
আসানসোলের কুলটিতে তৃণমূলের বর্তমান এবং প্রাক্তন কাউন্সিলের মারামারির জেরে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর আখতার হোসেন সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, রাস্তায় একে অপরকে দেখে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে রীতিমতো মারামারি, তৃণমূলের বর্তমান এবং প্রাক্তন কাউন্সিলের মারামারি দেখেছে আসানসোলবাসী। রবিবার পশ্চিম বর্ধমানের আসানসোলের ৬৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে।তাঁদের মারামারির ভিডিও ভাইরালও হয়েছে। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিওতে দেখা গিয়েছে, আসানসোল পুরসভার ৬৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নাদিম আখতার ওরফে বাবলুর সঙ্গে হাতাহাতিতে জড়ান প্রাক্তন কাউন্সিলর আক্তার। দুই নেতাকে ছাড়াতে গিয়ে মারামারিতে জড়িয়ে পড়েছেন তাঁদের অনুগামীরাও। সূত্রে খবর, স্থানীয় ওয়ার্ড সভাপতি মোহাম্মদ জমির কুরেশির দরজার সামনে বাসনপত্র রাখা নিয়ে ঘটনার সূত্রপাত।
ইতিমধ্যেই পুলিশের হাতে আটক হয়েছেন প্রাক্তন কাউন্সিলর। যদিও প্রকাশ্য রাস্তায় হাতাহাতিতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল সামনে চলে আসায় বেশ অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।








