
পাকিস্তানের গোলায় ক্ষতিগ্রস্ত জম্মু ও কাশ্মীরের রাজৌরীতে আহতদের সঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। শুক্রবার সকালে রাজৌরীর জেলা হাসপাতাল এবং সরকারি মেডিক্যাল কলেজ পরিদর্শনে যান প্রতিনিধিদলের পাঁচ সদস্য। সেখানে পাক গোলাবর্ষণে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ডেরেক ও’ব্রায়েন, মানস ভুঁইয়ারা।
উল্লেখ্য পহেলগাঁও কাণ্ডের পর কাশ্মীর এবং সেখানকার মানুষ কেমন রয়েছেন, তা জানতে সেখানে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই দলে রাজ্যসভার সাংসদ ডেরেক, রাজ্যের মন্ত্রী মানস ছাড়াও রয়েছেন রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, নাদিমুল হক এবং মমতাবালা ঠাকুর।
বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিদলের সদস্যেরা। তার পর তাঁরা যান পাক সীমান্তবর্তী পুঞ্চে, সেখানকার আহত মানুষদের সঙ্গে দেখা করতে। শুক্রবার ডেরেকরা গিয়েছিলেন রাজৌরীতে।তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, তিন দিনের এই কাশ্মীর সফর থেকে ফিরে মুখ্যমন্ত্রীর কাছে একটি রিপোর্ট দেবেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদলের সদস্যেরা।
