বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ দিল্লি পুলিশের ক্ষমার দাবি তৃণমূলের

0
97
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দাগিয়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পোস্টে সরব হয়েছে তৃণমূল। দিল্লির লোধি কলোনির থানার তরফে বঙ্গ ভবনের অফিসার ইনচার্জকে দেওয়া চিঠিতে লেখা হয়েছে ৮ জন সন্দেহভাজন বাংলাদেশি ধরা পড়েছে।

ধৃতদের থেকে উদ্ধার নথি বাংলাদেশি ভাষায় লেখা। সেগুলো তর্জমা করতে অনুবাদক প্রয়োজন। সেই চিঠি পোস্ট করে দিল্লি পুলিশকে আক্রমণ করেছে তৃণমূল। দিল্লি পুলিশের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবিতে সরব হয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিজেপি শাসিত রাজ্যগুলোতে একের পর এক বাংলাভাষী শ্রমিকদের হেনস্থা ও গ্রেফতারের পর এবার অমিত শাহ-র দিল্লির পুলিশ সব সীমা অতিক্রম করেছে। ক্ষোভের সুরে বলা হয়েছে এটি ইচ্ছাকৃত অপমান, পরিকল্পিত চক্রান্ত, যেখানে সংবিধানে স্বীকৃত এবং ধ্রুপদী ভাষার মধ্যে অন্যতম একটি ভাষাকে পরিচয়হীন করে দেওয়া হচ্ছে।

বাংলা ভাষাকে ভারতীয় পরিচয় থেকে মুছে দেওয়ার চক্রান্ত হচ্ছে। বাংলাভাষী মানুষদের বহিরাগত প্রমাণ করার নির্লজ্জ চেষ্টা চলছে। নিঃশর্ত ক্ষমা না চাইলে প্রতিবাদ আরও জোরালো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।