
বসিরহাটে দমকল মন্ত্রী সুজিত বসুর সামনেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সোমবার শাসনে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল একটি বৈঠককে কেন্দ্র করে।
তৃণমূলের এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধেই স্লোগান তোলে। এমনকী খোদ মন্ত্রীকেই উদ্দেশ্য করে বিজেপির দালাল বলা হয়। সোমবার ভোটার তালিকা নিয়ে বৈঠক করছিলেন সুজিত বসু। সেই বৈঠকের মাঝেই দলবল নিয়ে ঢুকে পড়েন তৃণমূলের দুই নেতা। কিন্তু মন্ত্রী স্পষ্ট জানান, যাদের নাম ডাকা হয়েছে তারা ছাড়া সবাইকে বেরিয়ে যেতে হবে। তারপরই শুরু হয় গন্ডগোল। বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের প্রশ্ন ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যিনি ব্লক সভাপতি, তাঁকে বাদ দিয়ে কেন বৈঠক হবে? মন্ত্রীর কাছে এরই জবাব চান খোদ ব্লক সভাপতি।
তৃণমূলের ওই বিক্ষুব্ধ নেতারা অভিযোগ করেন, সুজিত বসুর মদতেই গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। কিন্তু বৈঠক থেকে যাদের চলে যেতে বলা হয়েছিল তাদের কী কারণে থাকতে দেওয়া হয়নি? মন্ত্রীর ব্যাখ্যা, সাংগঠনিক বৈঠক ছিল, তাই সবাইকে ডাকা হয়নি।




