
মেঘালয়ের আঞ্চলিক নির্বাচনের জন্য প্রার্থিতালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। সামনেই মেঘালয়ের গারো পাহাড় স্বতন্ত্র জেলা পরিষদ,জিএইচএডিসি-এর নির্বাচন রয়েছে।
ওই নির্বাচনে ১৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের শাসকদল। ১০ এপ্রিল নির্বাচন রয়েছে জিএইচএডিসি-র। মোট ৩০ আসনের জিএইচএডিসি-র মধ্যে ২৯টি ভোট হবে। তার মধ্যে ১৪ আসনে এনপিপি-বিজেপি জোটের বিরুদ্ধে প্রার্থী দিল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য মেঘালয়ে বিগত বেশ কয়েক বছর ধরেই শক্তি বিস্তারের চেষ্টা করে যাচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দল। সে রাজ্যের বিধানসভায় বিরোধী দলনেতার আসনও রয়েছে তৃণমূলের হাতে। তৃণমূল কংগ্রেস বিধায়ক মুকুল সাংমা সে রাজ্যের বিরোধী দলনেতা।যে ১৪টি আসনে তৃণমূল প্রার্থী দিয়েছে, তার মধ্যে তুরাও রয়েছে। এই আসনটি পড়ে দক্ষিণ তুরা বিধানসভা কেন্দ্র মধ্যে।
দক্ষিণ তুরা হল এনপিপি-প্রধান তথা সে রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার বিধানসভা এলাকা। এদিকে জিএইচএডিসি-র ক্ষমতা বর্তমানে সে রাজ্যের শাসকদল ন্যাশনাল পিপ্স পার্টি,এনপিপি-র হাতেই রয়েছে। উত্তর-পূর্বে বিজেপির শরিক দলগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কনরাড সাংমার এনপিপি। যদিও এনপিপি-বিজেপির সমীকরণ আঞ্চলিক রাজনীতির উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। কনরাডের দল সরাসরি এনডিএ-র সঙ্গে যুক্ত নয়।
