
কুলপির দৌলতাবাদে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ। খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূল নেতাকে খুনের পর বোমাবাজি করতে করতে পালায় দুষ্কৃতীরা।
কুলপি থানা ঘিরে বিক্ষোভ শুরু করেন তৃণমূলের কর্মী সমর্থকরা। দক্ষিণ ২৪ পরগনার কুলপির দৌলতাবাদ গ্রামের পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদার নামে ওই তৃণমূল নেতাকে বাড়ির কাছে রাস্তায় ঘিরে ধরে হামলা চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় কুলপি হাসপাতালে নিয়ে গেলে নুরুদ্দিন হালদারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের দিকে আঙুল তুলেছে তৃণমূলের একাংশ। যদিও কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার জানিয়েছেন গ্রাম্য বিবাদের জেরে খুন হতে পারে নুরুদ্দিন। তদন্ত করে দেখছে পুলিশ।









