
মালদহের তৃণমূল নেতা দুলাল সরকারকে খুনের ঘটনায় আরও পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে এক জন স্থানীয় হলেও বাকিরা অন্যান্য এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দুনারাযণ চৌধুরী।
বৃহস্পতিবারই এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছিল মালদহ জেলা পুলিশ। তাঁদের মধ্যে একজন ইংরেজবাজারের অন্যজন বিহারের কাটিহারের বাসিন্দা। শুক্রবার সকাল পর্যন্ত মোট গ্রেফতার হয়েছে সাত। শুক্রবার সকালে হাসপাতাল থেকে দুলাল সরকারের দেহ ইংরেজবাজারের মহানন্দাপল্লীর বাড়িতে নিয়ে আসা হয়েছে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু এবং জেলা তৃণমূলের অন্য নেতারা। বাড়ি থেকে মরদেহ ইংরেজবাজারে তৃণমূলের পার্টি অফিস হয়ে শেষকৃত্য সম্পন্ন হবে। খুনের ঘটনায় ব্যবহৃত বাইকটি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, প্রায় ১০ থেকে ১৫ দিন ধরে দুলাল সরকারের গতিবিধির ওপর নজর রাখছিল দুষ্কৃতীরা। খুনের নেপথ্যে রাজনীতি না ব্যবসায়িক কারণ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মালদহ জেলা পুলিশ।








