
রাতে বাড়ি থেকে ফোনে ডেকে বীরভূমে তৃণমূল নেতাকে গুলি করে খুনের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে। ভাওড়, ইংরেজবাজারের পর এবার বীরভূমের সাঁইথিয়ার শ্রীনিষিপুর অঞ্চলের তৃণমূল সভাপতি পীযূষ ঘোষকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে।
পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় বলে অভিযোগ। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে রাস্তার মধ্যে পড়েছিল পীযূষের দেহ। দেহের পাশেই দাঁড় করানো ছিল পীযূষের বাইক। রাস্তায় বাইক থামিয়ে পিছন থেকে মাথায় গুলি করা হয়েছে বলে অনুমান পুলিশের। জানা গিয়েছে শনিবার রাত ১২টার দিকে ফোন এসেছিল তৃণমূলের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষের কাছে। পীযূষের পরিবারের দাবি ফোন পাওয়ার পরেই পীযূষ ঘোষ বেরিয়ে গিয়েছিলেন। স্ত্রীর দাবি রাত দেড়টার দিকে শেষ কথা হয়। এরপর রাত তিনটের দিকে মৃত্যুর খবর আসে। গুলি মাথা ফুঁড়ে বেরিয়ে গিয়েছে সামনের দিকে।
পীযূষের দেহ যেখানে উদ্ধার হয়েছে তার সামনের বাড়ি থেকে মৌসুমি মাল নামে এক মহিলা আটক করেছে পুলিশ। আরও এক মহিলা সহ ২ তৃণমূল কর্মীকেও আটক করে জেরা করছে পুলিশ। বালি ব্যবসায়ী পীযূষের খুনের পিছনে রাজনৈতিক কারণ না ব্যক্তিগত শত্রুতা রয়েছে সবটাই খতিয়ে দেখছে পুলিশ।
