দুর্ঘটনায় তৃণমূল বিধায়কের গাড়ি, মৃত চালক সহ ২   

0
500
হাওড়ায় এক ভয়াবহ পথদুর্ঘটনায় মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিনের গাড়ির চালক সহ দু’জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তবে তৃণমূল বিধায়ক সেই সময় গাড়িতে ছিলেন না। জানা গেছে, শনিবার রাতে গিয়াসউদ্দিনের গাড়ির চালক মোস্তাক আত্মীয়দের নিয়ে বাঁকড়ায় এসেছিলেন। সেখান থেকে জাতীয় সড়ক দিয়ে ফেরার সময় শিবপুরের ফরসের রোডে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে ধাক্কা মেরে কার্যত ঢুকে যায় তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিনের গাড়ি। যাত্রীরা ভিতরেই আটকে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে চালক সহ দু’জনের। দুর্ঘটনার শব্দ শুনে ছুতে আসেন স্থানীয়রা। তাঁরাই বাকিদের উদ্ধার করে রক্তাক্ত এবং আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনার খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তুবড়ে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে পুলিশ।
কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজও দেখা হবে বলে সূত্রের খবর। যদিও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিনের  দাবি, গাড়িটি তাঁর নয়।
ছবি  সৌজন্যে : নিজস্ব