
দলের নেতা-কর্মীদের উপর ডিম ছোড়ায় থামাতে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। দলের দুই বিধায়ক কুণাল ঘোষ, মদন মিত্র এবং তিন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েনের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস।
এর পাশাপাশি রাজ্যের প্রাক্তন শাসকদলের অভিযোগ, দলীয় কর্মীদের আক্রমণ করা হচ্ছে, দলীয় কার্যালয় ভেঙে দেওয়া হচ্ছে। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলাটি দায়ের হয়েছে। মামলাটি দায়ের করেছেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানান তিনি। মঙ্গলবার মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।এদিকে ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে গিয়ে হামলার মুখে পড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুগলির চণ্ডীতলায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে।এরপর কয়েক দিন আগে কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ডিম ছুড়ে হামলা করা হয় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষর উপর। চলতি মাসেই নিজের বিধানসভা কামারহাটিতে হামলার শিকার হন মদন মিত্র। তাঁর গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে।
জনস্বার্থ মামলায় এই বিষয়গুলি উল্লেখ করেছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে গ্রেফতার করার পর তৃণমূল কংগ্রেস নেতাদের যে ভাবে কোমরে দ়ড়ি বেঁধে রাস্তায় ঘোরাচ্ছে পুলিশ, তারও বিরোধিতা করা হয়েছে।
