
বাম নেতাকে রাস্তায় প্রকাশ্যে মারধর, জুতোপেটার ঘটনায় অভিযুক্ত দলের নেত্রী বেবি কোলেকে বহিষ্কার করেছে তৃণমূল। বেবিকে আগেই শো কজ করেছিল শাসকদল।
তার জবাব মেলার পরেই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে বেবিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার দুপুরে মেদিনীপুর শহরের প্রদ্যুৎস্মৃতি সদনে একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে গিয়ে তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, খড়্গপুরে প্রবীণ বাম নেতার প্রতি যে আচরণ হয়েছে, সেই ঘটনায় জেলা সভাপতি সুজয় হাজরা বেবি কোলেকে শো কজ করেছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর কাছে সেই শো কজের জবাব যাওয়ার পরেই তিনি বেবি কোলেকে দল থেকে বহিষ্কার করার নির্দেশ দিয়েছেন। গত সোমবার খড়্গপুরের খরিদা এলাকায় বাম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছিল ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলনেত্রী বেবির বিরুদ্ধে।
নিজেকে বাঁচাতে একটি রঙের দোকানে ঢুকে গিয়েছিলেন অনিল। সেখান থেকে তাঁকে টেনে বার করে এনে রাস্তায় ফেলে মারধর করা হয়।



