
তোলাবাজি, দুর্নীতির পর এবার পণের দাবিতে পুত্রবধূকে অত্যাচারের অভিযোগে গাইঘাটা পঞ্চায়েত সমিতির মহিলা সভাপতিকে ডিম থেরাপি উত্তেজিত জনতার।
মারধরও করা হয়েছে তাঁকে। রবিবার সকালে ঠাকুরনগরের বাবুপাড়া থেকে পুলিশ গাইঘাটার তৃণমূল ইলা বাগচিকে গ্রেফতার করে পুলিশ। সকালে থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় মহিলারা তাঁর ওপর চড়াও হন। ডিম ছোড়া হয় ইলা বাগচিকে। চোর চোর স্লোগানও দেওয়া হয়। পুলিশের সামনেই মারধর করা হয়েছে ইলা বাগচিকে। জানা গিয়েছে ২০২২ সালে ইলা বাগচির ছেলে রাহুল বাগচির সঙ্গে বিয়ে হয়েছিল শিমুলপুরের বাসিন্দা অর্পিতা বিশ্বাসের। অভিযোগ বিয়ের পর থেকেই পণের জন্য অত্যাচার শুরু করেন শাশুড়ি ইলা বাগচি, শ্বশুর পিনাকী বাগচি এবং ছেলে রাহুল। প্রায় রোজই পণের জন্য চাপ দিয়ে মারধর করা হত। অর্পিতার অভিযোগ ১৫ জুন রাস্তায় তাঁর ওপর হামলা চালায় ইলা এবং তাঁর অনুগামীরা। ব্যাপক মারধর করা হয় তাঁকে। এরপরেই শাশুড়ি ইলা বাগচি, শ্বশুর পিনাকী বাগচি এবং স্বামী রাহুলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
রবিবার তৃণমূল নেত্রীকে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ শুধু পণের দাবিতে অত্যাচার নয় ইলা বাগচি পঞ্চায়েতের ব্যাপক দুর্নীতি করেছে।
