
দিল্লির বসন্তকুঞ্জের জয় হিন্দ কলোনিতে অস্তিত্বের সংকটে ভুগছেন এখানকার বাংলাভাষীরা। সমস্যায় জর্জরিত বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এলাকায় গিয়েছেন তৃণমূলের রাজ্যসভার উপ দলনেত্রী সাগরিকা ঘোষ, সাংসদ সুখেন্দু শেখর রায় ও সাকেত গোখলে।
এলাকার মানুষের সঙ্গে কথা বলেছেন তৃণমূলের প্রতিনিধিরা। প্রয়োজনে আইনি সহায়তার আশ্বাসও দিয়েছেন তাঁরা। দিন তিনেক আগে জয় হিন্দ কলোনির বাসিন্দাদের নিয়ে উদ্বেগপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সোশাল মিডিয়ায় লিখেছেন, ওই এলাকায় বসবাসকারী একাধিক বাঙালির জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সমস্যায় জর্জরিত বাসিন্দারা বাধ্য হয়ে জলের ট্যাঙ্কারের বন্দোবস্ত করেছিলেন। তবে পুলিশ এবং আরপিএফ বিকল্প পথে জলের বন্দোবস্ত করতে দেয়নি বলেও অভিযোগ। বিজেপি শাসিত দিল্লিতে ইচ্ছাকৃতভাবে বাঙালিদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
প্রতিনিধি দলের সদস্য সুখেন্দু শেখর রায়ের অভিযোগ, দিল্লিতে এমন বহু বসতি রয়েছে। সেগুলিতে কোনওরকম হস্তক্ষেপ করা হচ্ছে না। অথচ শুধুমাত্র বাংলাভাষী বলেই জয়হিন্দ কলোনির বাসিন্দাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। সুখেন্দুর বক্তব্য, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষীদের এভাবেই নিশানা করা হচ্ছে। রীতিমতো অরাজকতা চালানো হচ্ছে।
