
যে দ্রুততায় এসআইআর শুরু হয়েছে বাংলায়, তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেসও।
সোমবার তৃণমূলের হয়ে পিটিশন ফাইল করেছেন রাজ্যসভার সাংসদ দোলা সেন এবং দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়। মঙ্গলবারই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ুর শাসকদল ডিএমকে ইতিমধ্যে এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলে শীর্ষ আদালতে মামলা করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চান, চলতি প্রক্রিয়ায় স্থগিতাদেশ হওয়া উচিত। তবে শিলিগুড়ি থেকে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, এসআইআরের নথিপত্র সংক্রান্ত কাজে সাধারণ মানুষকে যেন নিরপেক্ষতা নিয়ে সাহায্য চালিয়ে যাওয়া হয়। তাঁর অভিযোগ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন,এসআইআর-এর কাজ নিয়ে রাজ্যবাসীর একাংশের মনে আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে। এসআইআর-এর আতঙ্কে মৃত্যু এবং আত্মহত্যার মতো অভিযোগও উঠে এসেছে। এ অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত, এত তাড়াহুড়ো করে এসআইআর সম্ভব নয়। এই প্রক্রিয়ায় স্থগিতাদেশ হওয়া উচিত বলেও মনে করেন তিনি। তবে একই সঙ্গে রাজ্যবাসীকে নিজেদের মতো করে এনুমারেশন ফর্ম পূরণেরও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আধিকারিকদের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন,যাতে কাউকে আত্মহননের পথ বেছে নিতে না-হয়।
তাঁরা সকলেই আমাদের দেশের নাগরিক। প্রকৃত নাগরিকেরা যেন বঞ্চিত না-হন। চিন্তা করবেন না, হতাশ হবেন না। মনে জোর রাখুন।
