
সংসদে পহেলগাঁও হামলা আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, জঙ্গিরা অনুপ্রবেশ করেছে তো কী হয়েছে। অনুপ্রবেশকারী জঙ্গিরা বেঁচে ফিরতে পারবে না। তার এই অনুপ্রবেশ মন্তব্য হাতিয়ার করেছে এরাজ্যের শাসক দল। এক্স হ্যান্ডেলে স্বরাষ্ট্রমন্ত্রীর ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী কীভাবে বলতে পারেন অনুপ্রবেশ করেছে তো কী হয়েছে?
পহেলগাঁও-এ নারকীয় জঙ্গি হামলায় ২৬ জন মানুষ মারা গিয়েছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশকে সাধারণ ইস্যুতে পরিণত করতে চাইছেন বলে দাবি করা হয়েছে তৃণমূলের পোস্টে। এরপরই তাঁর উদ্দেশ্যে তৃণমূলের প্রশ্ন কে ওই জঙ্গিদের ঢুকতে সাহায্য করেছে। বিএসএফ, সিআরপিএম, গোয়েন্দা দফতর স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করেন। তবু স্বরাষ্ট্রমন্ত্রী নিজের ব্যর্থতাকে ঢাকতে চাইছেন।
অন্যদিকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নেই বলেও মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেডিইউ সাংসদ লালন সিং। তাঁর বক্তব্যের ভিডিও তৃণমূলের ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছে, এটা কী করে বলা যায়? পশ্চিমবঙ্গ তো ভারতেরই একটা অঙ্গরাজ্য। পশ্চিমবঙ্গকে সম্মান করা উচিত অপমান নয়।
