
কেন্দ্রীয় বাজেটে বঞ্চনা’র অভিযোগ তুলে রাজ্যসভা থেকে ওয়াক আউট, কক্ষত্যাগ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদেরা। সোমবার তৃণমূল কংগ্রেস সাংসদেরা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ২ লক্ষ কোটি টাকা আটকে রাখারও অভিযোগ তুলেছেন।
তৃণমূল কংগ্রেসনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দিল্লিতে রয়েছেন। এই সময় রাজ্যসভায় বাজেট অধিবেশন শুরু হওয়ার কিছু ক্ষণ পরেই একে একে কক্ষত্যাগ করেন তৃণমূল কংগ্রেস সাংসদেরা। এই প্রসঙ্গে রাজ্যসভায় তৃণমূলের উপ দলনেত্রী সাগরিকা ঘোষ বলেছেন, রাজ্যসভা থেকে ওয়াক আউট করেছেন, কারণ বাজেটে এক বারের জন্যও পশ্চিমবঙ্গের নাম উচ্চারণ করা হয়নি। রাজ্যের বকেয়া আটকে রাখা হয়েছে। মনরেগা ,১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্প মিলিয়ে পশ্চিমবঙ্গ কেন্দ্রের কাছ থেকে ২ লক্ষ কোটি টাকা পায়।রাজ্যসভা থেকে বেরিয়ে আসার পর তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর বলেছেন,২০২১ সালে মানুষ বিজেপিকে পরাস্ত করেছিল। তার পর থেকেই কেন্দ্র প্রতিহিংসামূলক আচরণ করছে।
১০০ দিনের কাজের টাকা বন্ধ রাখা রাখা হয়েছে। সড়ক নির্মাণ এবং গ্রামোন্নয়নে টাকা দেওয়া হচ্ছে না। রাজ্যের বকেয়া না-মেটানো হলে তাঁদের আন্দোলন চলবে বলে জানান তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর।
