
বচসা থামাতে গিয়ে কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলকর্মীকে লোহার রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে।
সঞ্জয় বর্মন নামে বছর ৩৭-র ওই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগে অজয় বর্মন এবং মান্টু বর্মন নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে মাথাভাঙার জোরপাটকি গ্রামপঞ্চায়েত অফিসের সামনে অজয় এবং মান্টুর মধ্যে ঝামেলা বাধে। সেই সময় বচসা থামাতে যান সঞ্জয়। অভিযোগ তখন অজয় এবং মান্টু দু’জনে মিলে সঞ্জয়কে আক্রমণ করেন। লোহার রড দিয়ে মারধর করেন। মাটিতে লুটিয়ে পড়লেও মার থামানো হয়নি বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় সঞ্জয় বর্মনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
জোরপাটকি গ্রামপঞ্চায়েতের প্রধান পরেশচন্দ্র বর্মন অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছেন। শুধু বচসা থামাতে খুন নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
