
১৭ দিনের মাথায় ফের নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূল কর্মী মহাদেব বিষয়।
জানা গিয়েছে, তৃণমূল বুথ কর্মী মহাদেবের বৃন্দাবন চকের বাজার এলাকায় চা-খাবারের দোকান রয়েছে। অভিযোগ, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাঁকে তুলে নিয়ে যায় একদল দুষ্কৃতী। রাতে বাড়ি ফেরেননি মহাদেব বিষয়। বৃহস্পতিবার সকালে দোকানের ভিতর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পা দুটো ভাঙা ছিল। হাতেও ক্ষত ছিল তাঁর। পুলিশ খবর পেতেই দেহ উদ্ধার করতে আসে।
সেই সময় তৃণমূল কর্মীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। এ প্রসঙ্গে নন্দীগ্রাম ১ ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, মহাদেব দলের সক্রিয় কর্মী ছিলেন। বিজেপি প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে ওঁকে খুন করেছে।








