
দক্ষিণ ২৪ পরগনায় কুলতলিতে লোডশেডিং করে ফিল্মি কায়দায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে পরপর গুলি। চালিয়েছে দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রের খবর, রবিবার তৃণমূল কর্মী সেলিম খান নিজের চায়ের দোকানে কাজ করছিলেন। অভিযোগ, সেই সময়ে দুষ্কৃতীরা সেলিমকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালিয়েছে। সেলিম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এলাকার বাসিন্দারা সেলিমকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, কুলতলি থানা এলাকায় সেলিমের একটি চায়ের দোকান রয়েছে। প্রতিদিনের মতেছ সন্ধ্যায় তিনি দোকানে বসেছিলেন। হঠাৎই বিদ্যুৎ বিভ্রাট হয়। অভিযোগ, এলাকায় অন্ধকার নেমে আসতেই দুষ্কৃতীরা সেই সুযোগে সেলিমকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি এবং তিনটি বোমা ছোড়ে। তার মধ্যে দু’টি গুলি সেলিমের পিঠে ও গালে লাগে।
তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অন্ধকারের কারণে কেউই দুষ্কৃতীদের সঠিকভাবে দেখতে পাননি। এই হামলার পিছনে কে বা কারা রয়েছে তা নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে।
