
শেখ শাহজাহান মামলায় সাক্ষী ভোলা ঘোষকে খুনের পরিকল্পনার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজবাড়ির সিমুলআটির বাসিন্দা গোলাম হোসেন মোল্লা ঘাতক ট্রাকের খালাসি বলে দাবি পুলিশের। এখনও পর্যন্ত ন্যাজাটকাণ্ডে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে উত্তম সর্দার এবং শনিবার সরবেড়িয়া থেকে রুহুল কুদ্দুস শেখকে গ্রেফতার করে ন্যাজাট থানার পুলিশ। ছোট ছেলে, গাড়ি চালকের মৃত্যু এবং তাঁকে খুনের চক্রান্তের অভিযোগে ৮ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছিলেন ভোলানাথ ঘোষ। সন্দেশখালিতে শেখ শাহজাহান এবং তাঁর দলবলের বিরুদ্ধে ইডি আধিকারিকদের মারধরের ঘটনায় সিবিআইয়ের মামলায় অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষ। বুধবার অন্য একটি মামলার সাক্ষ্য দিতে বসিরহাট আদালতে যাচ্ছিলেন।
সেই সময় ন্যাজাটের বয়রামারি পেট্রোল পাম্পের কাছে ভোলানাথের গাড়িতে মুখোমুখি ধাক্কা মারে ট্রাক। দুর্ঘটনায় নয়ানজুলিতে গিয়ে পড়ে ভোলানাথদের গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভোলা ঘোষের ছেলে এবং চালকের।
