
আরজেডি নেতা তেজস্বী যাদবের কনভয়ে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে দ্রুতগতির একটি ট্রাক। কনভয়ের একাধিক গাড়ি দমড়ে-মুচড়ে গিয়েছে। গুরুতর জখম হয়েছেন চালক ও নিরাপত্তারক্ষী। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তেজস্বী। শুক্রবার রাত ২ টো নাগাদ বিহারের হাজিপুরে এই দুর্ঘটনা ঘটেছে।
তবে তেজস্বীর দাবি, এটা কোনও দুর্ঘটনা নয়, তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল। পাল্টা বিজেপি ও জেডিইউয়ের বক্তব্য, আরজেডি নেতা ষড়যন্ত্র বলে অভিযোগ করে ভোটের বাজার গরম করতে চাইছেন। বিহারে চলতি বছরের নভেম্বরে ভোট।
নির্বাচনী অঙ্কেই তাঁকে হত্যার চেষ্টা হয় বলে আরজেডি নেতার অভিযোগ। তবে কারা ষড়যন্ত্র করেছে সে প্রসঙ্গ এড়িয় গিয়েছেন। পুলিশ ট্রাকের চালককে গ্রেফতার করেছে। ট্রাফিক আইন ভঙ্গের দায়ে মামলা হয়েছে চালকের বিরুদ্ধে। তবে অভিযোগ করলেও তেজস্বী বা সহযাত্রীদের কেউ খুনের ষড়যন্ত্রের কথা পুলিশকে জানাননি।








