
ট্রাক এবং বোলেরোর মুখোমুখি সংঘর্ষে ছত্তীশগড়ে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের ৫ জনের। এ ছাড়াও ওই দুর্ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মৃতরা সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা।
রবিবার দুর্ঘটনার সময়ে গাড়িতে চালক-সহ মোট দশ জন ছিলেন। তাঁরা মধ্যপ্রদেশের কানহা ন্যাশনাল পাক ঘুরে গাড়িতে বিলাসপুরের দিকে যাচ্ছিলেন। রবিবার বিলাসপুর থেকে তাঁদের কলকাতায় ফেরার ট্রেন ছিল। পুলিশ জানিয়েছে, গাড়িতে ফেরার সময়ে বিকেল সাড়ে চারটে নাগাদ ছত্তীশগড়ের চিল্লি থানা এলাকার আকালঘড়িয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে অনুমান, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনাস্থলেই তিন মহিলা ও এক নাবালিকছু সহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। দুঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুই নাবালিকাকে কাওয়ারদহ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বাকি তিনজনের মধ্যে দু’জনকে রায়পুরের একটি হাসপাতালে এবং একজনকে বোদলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। পুলিশের তরফে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
