
হরমুজ প্রণালী সঙ্কটের মধ্যে আপাতত ৩০ দিন রাশিয়া থেকে তেল কিনতে ভারতকে ‘অনুমতি’ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের আবহে রাশিয়ার উপর নতুন করে কিছু নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা।
বৃহস্পতিবার মার্কিন রাজস্ব সচিব স্কট বেসেন্ট জানিয়েছেন, আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী ভারত। যুদ্ধের আবহে বিশ্বজুড়ে শক্তি সম্পদ চলাচল একেবারে বন্ধ করে দিতে চাইছে ইরান। তাদের এই চাপকে লঘু করে দেবে এই ৩০ দিনের অস্থায়ী ব্যবস্থা।
আন্তর্জাতিক স্তরে পেট্রোপণ্য চলাচলে কোনওরকম বাধা থাকবে না। তবে রুশ তেল কেনায় সাময়িক ছাড়পত্র দিলেও ভারত আমেরিকা থেকে তেল কেনার পরিমাণ আরও বাড়াবে বলেই দাবি বেসেন্টের। তাঁর মতে, এই পদক্ষেপের ফলে রাশিয়ার আলাদা করে কোনও লাভ হবে না। উল্লেখ্য, ইজরায়েল-আমেরিকার যৌথ হামলায় ক্ষুব্ধ ইরান পাল্টা বিশ্ববাণিজ্যের অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।








