
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি,এমন দাবিও করা হচ্ছে।এক শীর্ষ গোয়েন্দা সূত্র বলেছে,প্রেসিডেন্ট ট্রাম্প চান ইরান যেন পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে। সেই সম্ভাবনা শেষ না হওয়া পর্যন্ত হামলা পিছিয়ে রাখা হয়েছে। তিনি ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ফোর্দোতে হামলার বিষয়ে চিন্তাভাবনা করছেন।
তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর মধ্যে স্পষ্টভাবে প্রেসিডেন্ট ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, যেকোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ ভয়াবহ পরিণতি নিয়ে আসবে। ইরানি জাতি আত্মসমর্পণ করবে না। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য খামেনির এই বক্তব্যকে পাত্তা দেননি।এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালই প্রথম জানায়, ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছেন।উল্লেখ্য,ইসরায়েল ইতিমধ্যে ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।এর জবাবে ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে। এই হামলার পর বুধবার প্রথমবারের মতো জনসমক্ষে আসেন খামেনি।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেছেন,আমরা ভীত নই, আমরা প্রতিক্রিয়া জানাব।অন্যদিকে,রাষ্ট্রসংঘে ইরানের মিশন ট্রাম্পকে কটাক্ষ করে এক্স-এ লিখেছে, ইরানকে হুমকি বা ভয় দেখিয়ে লাভ নেই,হোয়াইট হাউসের দরজায় কাকুতি-মিনতি করে কেউ কখনো মাথা নত করেনি। তার মিথ্যার চেয়ে তার কাপুরুষোচিত হুমকি আরও জঘন্য।






