
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়ানো হবে।মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন সদস্যদের উপস্থিতিতে লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতদের মধ্যে হোয়াইট হাউসের একটি বৈঠকে যোগ দেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এই ঘোষণা করেছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বৈঠকে উপস্থিত অন্যান্য মার্কিন কর্তাদের মধ্যে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং লেবানন ও ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরা।বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, তিন সপ্তাহের এই যুদ্ধবিরতি চলাকালীন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব সম্ভবত হোয়াইট হাউসে বৈঠক করবেন।বৈঠকের আগে হোয়াইট হাউসের একজন কর্তা বলেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ের আলোচনা এখন হোয়াইট হাউসে অনুষ্ঠিত হবে। প্রেসিডেন্ট ট্রাম্প উভয় প্রতিনিধিকে তাদের আগমনের পর স্বাগত জানাবেন।
সংশ্লিষ্ট সূত্রমতে, এই বৈঠকটি স্টেট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে তা হোয়াইট হাউসে স্থানান্তরিত করা হয়। বৈঠক শুরুর কয়েক মিনিট আগে হিজবুল্লাহ জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা ইসরায়েলের দিকে একাধিক রকেট নিক্ষেপ করেছে।
