
আমেরিকার ইউটাহ অঙ্গরাজ্যে ডানপন্থী রাজনৈতিক কর্মী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক এক হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পরপরই এ ঘটনায় কট্টর বামপন্থীদের দুষছেন ট্রাম্প ও বিলিয়নিয়ার ইলন মাস্ক।
নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক ভিডিওতে এ ঘটনাকে আমেরিকার কালো অধ্যায় জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, চার্লি সত্যের জন্য প্রাণ দিয়েছেন। বামদের রক্ষণশীল এই কর্মীর মৃত্যুতে ভূমিকা রেখেছে। এদিকে, ইলন মাস্ক এটিকে ঠাণ্ডা মাথায় খুন আখ্যা দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। এ সময় কার্কের হত্যাকাণ্ডের জন্য তিনি সরাসরি বামপন্থীদের দায়ী করেন। সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে ইলন মাস্ক স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বামপন্থীরা ঠাণ্ডা মাথায় খুন উদযাপন করছে।পরবর্তীতে আরও তীব্র ভাষায় ইলন মাস্ক সরাসরি বামপন্থীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি লিখেছেন, বামরা হচ্ছে খুনিদের দল।
এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি সত্য ও স্বাধীনতার প্রতীক ছিলেন, এবং তরুণদের কাছে এত সম্মানিত আর কেউ কখনও হননি। চার্লি ছিলেন গভীর বিশ্বাসের একজন মানুষ। উল্লেখ্য,রিপাবলিকান পার্টির তরুণ ভোটারদের সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক।
