
কয়েক ঘন্টার ব্যবধানে মত বদলে আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর খুব ভালো বন্ধু বলে সম্বোধন করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, আমেরিকার সঙ্গে ভারতের সুসম্পর্কে কথাও উল্লেখ করেছেন তিনি। শুক্রবার ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছিলেন, ভারত আর রাশিয়াকে চিনের অন্ধকারের কাছে হারিয়ে ফেলেছে আমেরিকা।
পরে হোয়াইট হাউসে একটি সাংবাদিক বৈঠকে এই পোস্ট নিয়ে প্রশ্ন করা হয় প্রেসিডেন্ট ট্রাম্পকে। আমেরিকার প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়, চিনের অন্ধকারে ভারতকে হারিয়ে ফেলার জন্য কে দায়ী? জবাবে তিনি বলেছেন, ভারতকে তাঁরা হারিয়ে ফেলেছেন বলে মনে হয় না। তবে ভারত রাশিয়ার থেকে তেল কিনছে। তাই তিনি হতাশ। ওদের বলেছি। ৫০ শতাংশ ট্যারিফ চাপানো হয়েছে। একই সঙ্গেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রধানমন্ত্রী মোদী মহান।
শুধু তিনি এই মুহূর্তে যা করছেন, তা তাঁর পছন্দ নয়। তবে ভারত ও আমেরিকার একটি বিশেষ সম্পর্ক রয়েছে। উদ্বেগের কিছু নেই। এদিকে ভারত সম্পর্কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক মন্তব্যের পর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। জানিয়েছেন, এই ইতিবাচক বক্তব্যের প্রতিদান তিনি দেবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের প্রশংসাও করেছেন প্রধানমন্ত্রী মোদী।








