
ইরানে নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, মঙ্গলবারই ইরানে ফের সামরিক অভিযানের পরিকল্পনা ছিল আমেরিকার। কিন্তু সেই পরিকল্পনা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমেরিকা এবং ইরানের মধ্যে বর্তমানে সামরিক সংঘাত বন্ধ রয়েছে। তবে উত্তেজনা চলছেই দু’দেশের মধ্যে। পাকিস্তানের দৌত্যে দু’দেশ ইসলামাবাদে আলোচনায় বসলেও তা থেকে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসেনি। সেই থেকে হরমুজ় প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দু’দেশের মধ্যে চাপানউতোর চলেই আসছে। এই উত্তেজনা কাটাতে উদ্যোগী হয়েছে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার কিছু ‘বন্ধুরাষ্ট্র’।
মার্কিন প্রেসিডেন্টের দাবি ওই দেশগুলির অনুরোধেই ইরানে সামরিক অভিযানের পরিকল্পনা স্থগিত রেখেছেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘ট্রুথ’ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রনেতারা তাঁকে অনুরোধ করেছিলেন এখনই হামলা না করার জন্য। তাঁদের সঙ্গে কথা বলে ট্রাম্প আশ্বস্ত হয়েছেন যে আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার সম্ভাবনা এখনও রয়েছে। সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের।








