
সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডে সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমানকে ক্লিনচিট দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
২০১৮ সালে তুরস্কের ইস্তানবুলে সৌদি কনসুলেটে খাসোগিকে খুন করা হয়। এরপর থেকেই প্রশ্ন উঠেছে, সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমান বা এমবিএস কি এই হত্যাকাণ্ড সম্পর্কে আগে থেকেই জানতেন? আমেরিকার গোয়েন্দা সংস্থার দাবি ছিল, এই ঘটনায় এমবিএসের অনুমতি বা জড়িত থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, এমবিএস কিছুই জানতেন না। অর্থাৎ, খাসোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ কোনওভাবেই জড়িত নন বলেই সাফ কথা ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্টের এই বক্তব্য আমেরিকার গোয়েন্দা সংস্থার তথ্যের সঙ্গে সম্পূর্ণ বিরোধী। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। সমালোচকদের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প সবসময় সৌদি নেতৃত্বকে অতিরিক্ত সুবিধা দিয়েছেন। এখনও সৌদির পক্ষেই দাঁড়াচ্ছেন।
কারণ, তাঁর প্রেসিডেন্ট থাকাকালীন আমেরিকা ও সৌদির মধ্যে বড় বড় অস্ত্রচুক্তি হয়েছিল। তাই সৌদির বিরুদ্ধে তিনি কখনও কঠোর অবস্থান নিতে চাননি বলেই অনেকে মনে করছেন।





