
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারের সদস্য এবং তাদের ব্যবসাপ্রতিষ্ঠানকে বর্তমান ও ভবিষ্যতের সম্ভাব্য কর নিরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আমেরিকার বিচার বিভাগ এই তথ্য জানিয়েছে। এ সিদ্ধান্তকে ঘিরে আমেরিকার রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিচার বিভাগের এক নির্দেশনায় বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পরিবারের সদস্য এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বর্তমান কিংবা ভবিষ্যতে সম্ভাব্য যেকোনও কর-সংক্রান্ত তদন্ত বা মামলা চিরতরে বন্ধ ও নিষিদ্ধ থাকবে।এই নির্দেশনায় স্বাক্ষর করেছেন আমেরিকার ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। এক পৃষ্ঠার ওই নথি বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি।উল্লেখ্য ট্রাম্পের সঙ্গে আমেরিকার কর বিভাগ আইআরএসের ১০ বিলিয়ন ডলারের মামলার সমঝোতার পর দিন নতুন এই নির্দেশ আসে। ওই মামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন,২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে তার কর-সংক্রান্ত তথ্য বিভিন্ন গণমাধ্যমে ফাঁস করা হয়েছিল।বিচার বিভাগের নথিতে উল্লেখ করা হয়, সমঝোতার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কর বিবরণী জমা দিয়েছিলেন, সেগুলো সম্পর্কিত যেকোনও তদন্ত বা সম্ভাব্য তদন্তও এই অব্যাহতির আওতায় পড়বে।
এ সিদ্ধান্তের পরপরই ডেমোক্র্যাট আইনপ্রণেতারা কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ার সিনেটর অ্যাডাম শিফ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতি ও স্বার্থসংশ্লিষ্ট অপব্যবহারের অভিযোগ তুলেছেন।







