
ঘোষণা করেছিলেন আগেই, এবার আদেশনামায় স্বাক্ষর করে তা কার্যকরও করলেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে বন্ধ হয়ে গিয়েছে আমেরিকার শিক্ষা দফতরটাই। এই নির্দেশ কার্যকর হওয়ার ফলে শিক্ষা খাতে আর কোনও ব্যয় বরাদ্দ করবে না আমেরিকার কেন্দ্রীয় প্রশাসন।এর ফলে সরকারি অনুদানের উপর নির্ভরশীল শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিপদে পড়ল বলে মনে করা হচ্ছে।পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার ফের তুলে দেওয়া হচ্ছে আমেরিকার প্রদেশগুলির উপরে।
স্থানীয় প্রশাসনই এ বার আমেরিকার শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে মাথা ঘামাবে। ১৯৭৯ সালে আমেরিকার শিক্ষা দফতরকে কেন্দ্রীয় প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হয়েছিল। এ বার সেই দফতরেই তালা ঝোলালেন প্রেসিডেন্ট ট্রাম্প। আদেশনামায় সই করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যত দ্রুত সম্ভব এটা হবে,এই দফতর রেখে ভাল কিছু হচ্ছিল না। আমেরিকার প্রচলিত বিধি অনুযায়ী, মার্কিন কংগ্রেস বা আইনসভার অনুমতি ব্যতীত কোনও প্রশাসনিক দফতর খোলা বা বন্ধ করা যায় না।
কিন্তু প্রেসিডেন্ট আদেশনামায় স্বাক্ষর করলে সংশ্লিষ্ট দফতরের কর্মীদের বেতন এবং অন্য ব্যয় বরাদ্দ বন্ধ হয়ে যায়।আমেরিকার এই দফতরে এত দিন চার হাজারের বেশি কাজ করতেন। রিপোর্ট অনুসারে, সম্প্রতি এই দফতরের জন্য ২৫ হাজার কোটি মার্কিন ডলার ,ভারতীয় মুদ্রায় প্রায় ২২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এ বার এই বরাদ্দই বন্ধ হতে চলেছে।








