
ইরানের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে প্রায় ১০ দিনের সময় দেওয়া হয়েছে, অন্যথায় সামরিক হামলার মুখে পড়তে হতে পারে দেশটিকে।
ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী বৈঠকে বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, গত বছরের জুনে ইরানের ওপর ইসরায়েল-আমেরিকার যৌথ হামলাই গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল।ইরানের পারমাণবিক স্থাপনায় আমেরিকা হামলা না চালালে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা কঠিন হতো বলে দাবি করেছেন তিনি।বলেছেন,এখন আমাদের হয়তো আরো এক ধাপ এগোতে হতে পারে, আবার নাও হতে পারে। হয়তো আমরা একটি চুক্তিতে পৌঁছাব।আগামী প্রায় ১০ দিনের মধ্যেই তা জানতে পারবেন।এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় দু’ পক্ষ ভালো অগ্রগতি করেছে।
তবে এই আলোচনার মধ্যেই উপসাগরীয় অঞ্চলে আমেরিকা সামরিক উপস্থিতি জোরদার করেছে।সেখানে দুটি বিমানবাহী রণতরি এবং ডজনখানেক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,ইরানের প্রতিনিধিদের সঙ্গে খুব ভালো বৈঠক করেছেন কূটনৈতিক উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার।








