
এ বার বিদেশি ওষুধের উপরও শুল্ক আরোপ করতে চলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ অক্টোবর থেকে আমেরিকায় আমদানি হওয়া সমস্ত ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক কার্যকর হবে।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ওষুধ প্রস্তুতকারী বা বিপণনকারী সংস্থা যদি আমেরিকায় কারখানা তৈরি করে, তবে কোনও শুল্ক দিতে হবে না। বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেছেন, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে আমেরিকা যে কোনও সংস্থার ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করবে। তবে যদি কোনও সংস্থা তাদের উৎপাদন কেন্দ্র আমেরিকায় তৈরি করে, তা হলে আলাদা কথা। শর্তটির ব্যাখ্যা দিয়ে তিনি জানিয়েছেন, কারখানাটি নির্মীয়মাণ হলে কিংবা শিলান্যাস করা অবস্থায় থাকলেও চলবে। ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির কাছে ব্যবসায়িক কারণেই আমেরিকা খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ।
২০২৪ সালে আমেরিকার ৩১ হাজার ৬২৬ কোটি টাকার ওষুধ রফতানি করেছিল ভারতের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি। ২০২৫-এর প্রথম ছ’মাসেই রফতানি করা ওষুধের অর্থমূল্য ৩২ হাজার ৫০৫ কোটি টাকা। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার ফলে আমেরিকার সম্ভাবনাময় বাজার ভারতীয় সংস্থাগুলির হাতছাড়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
