
এত দিন পর এফবিআইয়ের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের গোটা ঘটনা নিয়ে কী মনে হয়েছে, তিনি সেদিন ঠিক কী কী দেখেছিলেন,এই সব তথ্য জানতে চাইবে এফবিআই।
এফবিআই এজেন্ট কেভিন রোজেক জানিয়েছেন,কোনো ঘটনা ঘটলেই আক্রান্তের সঙ্গে কথা বলা হয়।এ ক্ষেত্রেও সে কাজই করা হবে। অন্যদিকে একটি টেলিভিশন চ্যানেলকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বৃহস্পতিবার এফবিআই তার সঙ্গে কথা বলবে। উল্লেখ্য,১৩ জুলাই আমেরিকার পেনসিলভানিয়ায় রিপাবলিকানদের সভায় বক্তৃতা দিচ্ছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ও ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সভা চলাকালীন বন্দুকধারী হামলা চালায়। ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায় একটি গুলি। রক্তাক্ত অবস্থায় মঞ্চ ছাড়েন ডোনাল্ড ট্রাম্প।আক্রমণকারীকে ঘটনাস্থলেই হত্যা করেন নিরাপত্তারক্ষীরা।কিন্তু কেন গুলি ছুঁড়েছিল ওই ব্যক্তি, তা এখনো স্পষ্ট নয়।বস্তুত ঘটনার পর আঙুল উঠেছে সিক্রেট সার্ভিসের কর্মীদের দিকে। কেন তারা আগে থেকে পরিস্থিতি বুঝতে পারেননি,এই প্রশ্ন উঠেছে।কিন্তু সিক্রেট সার্ভিসের প্রধান স্বয়ং জানিয়েছেন, যে ব্যক্তি গুলি চালিয়েছিল, তিনি যে গুলি চালাতে পারেন, এমনটা তারা ভাবেননি। তার প্রফাইল দেখেও কোনো হুমকির আভাস পাওয়া যায়নি।এই পরিস্থিতিতে গোটা ঘটনার তদন্তে নেমেছে এফবিআই। আগেই তারা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে চেয়েছিল।
