
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সম্পর্কটাকে খোঁচাখুঁচির পর্যায়ে নিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেন ইতালির প্রধানমন্ত্রীকে ক্ষেপিয়ে মজাই পাচ্ছেন তিনি। ফ্রান্সে জি-৭ সম্মেলনের সময় ছবি তোলা নিয়ে শুরু হওয়া ভুল বোঝাবুঝিকে বয়ে বেড়াচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
শুধু বয়ে বেড়াচ্ছেন বললে ভুল হবে, মাঝে মধ্যেই উত্তেজনার আগুনে পেট্রল ঢালছেন তিনি। রবিবার রাতে নিজের মালিকানার ট্রুথ সোশ্যালে মেলোনির সাথে তার একটা ছবি শেয়ার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবিতে দেখা যাচ্ছে,মেলোনি ঠোঁটে হাসি আর চোখে অপার মুগ্ধতা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে তাকিয়ে আছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ছবির ক্যাপশনে লিখেছেন, সংযত থাকার আদেশ প্রয়োজন। বলা হচ্ছে, ইতালির প্রধানমন্ত্রী মেলোনির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে যে তিক্ততা, তাতে এটি তাকে আরো উত্যক্ত করবে নিশ্চয়ই।
এর মধ্যে তুরস্কের আঙ্কারায় শুরু হতে যাচ্ছে ন্যাটোর শীর্ষ সম্মেলন। সে সম্মেলনে মেলোনির সঙ্গে ট্রাম্পের দেখাও হতে পারে। অথচ একসময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে ট্রাম্পের দারুণ সম্পর্ক ছিল। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট ট্রাম্পের অভিষেকের সময়ও উপস্থিত ছিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি। ট্রাম্পের বিভিন্ন নীতিরও প্রশংসা করেছেন তিনি। কিন্তু ইরানে মার্কিন আগ্রাসনের সময় ন্যাটোর সহায়তা না পেয়ে ক্ষুব্ধ হন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতালির প্রধানমন্ত্রী মেলোনিও যুদ্ধের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেছিলেন।
