
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণার পর তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন হয়ে পড়বে। ট্রাম্প কানাডার বিরুদ্ধে তার বাণিজ্যযুদ্ধ আরো তীব্র করেছেন।
১ আগস্টের মধ্যে দু’ দেশের মধ্যে নতুন শুল্ক চুক্তি না হওয়ায় আমেরিকা-মেক্সিকো-কানাডা চুক্তির আওতাভুক্ত নয়,এমন সব কানাডীয় পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন তিনি।এই হুমকি এসেছে এমন এক সময়, যখন কানাডা ঘোষণা করেছে যে তারা প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিচ্ছে।ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যাল-এ লিখেছেন, ওয়াও, কানাডা ঘোষণা করেছে যে, তারা প্যালেস্টাইন রাষ্ট্রের সমর্থনে আছে। এর ফলে আমেরিকার জন্য তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা খুব কঠিন হয়ে পড়বে।
অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে শুল্ক আলোচনাগুলো গঠনমূলক হলেও তা নির্ধারিত সময়সীমার মধ্যে শেষ হবে কি না,তা অনিশ্চিত। তিনি বলেন, আলোচনার ধাপ এখন খুবই উত্তপ্ত, তবে একটি পূর্ণাঙ্গ চুক্তি সম্ভব নাও হতে পারে। এদিকে মার্কিন আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, কানাডা,আমেরিকার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং আমেরিকার পণ্য আমদানির সবচেয়ে বড় ক্রেতা।
