
শেষ পর্যন্ত নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও জোহরান মামদানির সৌজন্য সাক্ষাৎ। ভারতীয় সময় শুক্রবার গভীর রাতে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানি।
দুজনে পাশাপাশি দাঁড়িয়ে করমর্দন করেছেন, হাসিমুখে ছবি তুলেছেন। তারপর পরস্পরের প্রশংসায় মেতে ওঠেন দুজনে। শুক্রবারের বৈঠক শেষে দুজনেই বলেছেন তাঁরা অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে এগোচ্ছেন। দুজনেই চান নিউইয়র্কে আরও সমৃদ্ধশালী করে তুলতে। এই শহরকে সুশাসনের নজির হিসেবে গড়ে তোলাই হবে তাঁদের লক্ষ্য। নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য হুঁশিয়ারি দিয়েছিলেন মামদানি মেয়র হলে নিউইয়র্কবাসীর কপালে দুঃখ আছে। ওই শহরের জন্য ফেডারেল গভর্নমেন্ট কোনও অতিরিক্ত অর্থ বরাদ্দ করবে না।
ডেমোক্র্যাট প্রার্থী মামদানিকে কমিউনিস্ট, রাষ্ট্র ধ্বংসকারী এবং আত্মঘাতী মতাদর্শে বিশ্বাসী আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন এই ব্যক্তি মেয়র হলে নিউইয়র্ক ধ্বংস হয়ে যাবে। অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পকে মানবতাবিরোধী, কর্তৃত্ববাদী আখ্যা দিয়ে মামদানি পাল্টা বলেছিলেন এই প্রেসিডেন্টের সময়ে আমেরিকা আরও বিপন্ন হবে। গোটা বিশ্বে মর্যাদাহানি হবে আমেরিকার।
