চলতি সপ্তাহেই যুদ্ধবিরতি চুক্তি, আশাবাদী ট্রাম্প

0
111
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই সপ্তাহেই চুক্তি হয়ে যাবে বলে তিনি আশাবাদী। অবশ্য কোন শর্ত মেনে এই চুক্তি হবে বা হতে পারে তা প্রেসিডেন্ট ট্রাম্প জানাননি। তিনি তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে শুধু এই আশার কথা জানিয়ে বলেছেন, তারপর দুই দেশই আমেরিকার সঙ্গে বাণিজ্য শুরু করবে এবং প্রচুর অর্থ রোজগার করে সমৃদ্ধিশালী হবে।

 উল্লেখ্য,২০২২ সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করেছিল।তার পর থেকে যুদ্ধ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, কিয়েভ ও মস্কোকে সমঝোতায় আসার জন্য উৎসাহ দেখাতে হবে। এদিকে দু দিন আগে,শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন ঘোষণা করেন,ইস্টারের জন্য সংক্ষিপ্ত যুদ্ধবিরতি হবে। তবে এরপর দু’ দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে।কিয়েভের কান্ডার ইন চিফ সিরস্কি বলেছেন, রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করেও ড্রোন আক্রমণ করেছে এবং গোলা ফেলেছে।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কো অন্তত দু’ হাজারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

রাশিয়া জানিয়েছে, তারা প্রত্যাঘাত করেছে। প্রথমে আক্রমণ করেছে ইউক্রেনই।একই যুক্তি দিয়েছে ইউক্রেনও।জেলেনস্কি বলেছেন, আগামী ৩০ দিনের জন্য অসামরিক পরিকাঠামোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখা হোক। পরে তার মেয়াদ আরো বাড়ানো যেতে পারে। এভাবেই যুদ্ধবিরতি সম্ভব বলে তিনি মনে করেন।জেলেনস্কির মতে, যদি রাশিয়া এই প্রস্তাবে রাজি না হয়, তার অর্থ তারা যুদ্ধ চালিয়ে যেতে চায়।