
ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের প্রধানমন্ত্রীকে দক্ষ রাষ্ট্রনেতা এবং তাঁর ভাল বন্ধু বলে অভিহিত করেছেন ট্রাম্প। কিন্তু সেই সঙ্গেই নয়াদিল্লিকে খোঁচা দিয়ে বলেছেন, ভারত বিশ্বের সর্বোচ্চ হারে শুল্ক আদায় করা দেশগুলির মধ্যে অন্যতম।
চলতি সপ্তাহেই ভারত ও আমেরিকার মধ্যে প্রতিনিধি স্তরে বাণিজ্য-বৈঠক হয়েছে । সূত্র মারফত খবর দ্বিপাক্ষিক আলোচনার টার্মস অব রেফারেন্স তৈরি করা হয়েছে । সেখানে নির্দিষ্ট কিছু পণ্যের উপর শুল্কের হার কমাতে দুপক্ষই সম্মত হয়েছে বলে দাবি ওই সূত্রের। ট্রাম্প এদিন আরও জানিয়েছেন, আলোচনার মাধ্যমে শুল্ক নিয়ে ঐকমত্যে আসা সম্ভব বলে তিনি আশাবাদী।
