ট্রাম্প-পুতিন বৈঠকে যুদ্ধ সমাধান অধরা

0
96
ছবি সৌজন্যে : এক্স
আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিনের ৩ ঘণ্টার বৈঠকেও অধরা রইল রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রফাসূত্র। বৈঠকের পরে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য জানিয়েছেন, ভাল অগ্রগতি হয়েছে। শান্তিচুক্তি প্রসঙ্গে কথা বলতে হবে ইউক্রেন ও ন্যাটো সদস্যদের সঙ্গে। আর বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট পুতিনের বক্তব্য, যুদ্ধ বন্ধ করার জন্য সংঘাত শুরুর বিষয়গুলিকেই আগে দূরে সরাতে হবে।
সেই সঙ্গে তাঁর বার্তা, আমেরিকা ও রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করবে। যুদ্ধবিরতির জন্য উদ্যোগী আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ট্রাম্প-পুতিন বৈঠকে যুদ্ধবিরতির শর্ত হিসাবে ভূমি বিনিময়-এর প্রস্তাব দেওয়া হতে পারে বলে আগে ইঙ্গিত দিয়েছিল মস্কো। তবে শুক্রবারের বৈঠকের পরে বোঝা গেল, শান্তি নিয়ে স্থায়ী ও দীর্ঘস্থায়ী সমাধানে পৌঁছোতে অন্তত আরও একটি বৈঠক করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। এমনই ইঙ্গিত দিয়েছেন দু’জনে।
বস্তুত, এই বৈঠকের আগেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, একটি বৈঠকে স্থায়ী বা চূড়ান্ত সমাধান হবে না। দ্বিতীয় বৈঠক হবে। এবং সেটিই হবে আসল গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশ্যে প্রেসিডেন্ট পুতিনের বার্তা, দ্বিতীয় সেই সাক্ষাৎ হতে পারে মস্কোয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আরও বক্তব্য, শান্তিপ্রক্রিয়ায় ইউক্রেনবাসী বা রাশিয়াবাসী কেউই বাধা সৃষ্টি করবে না।