
ধনকুবের ইলন মাস্কের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। আর কথাও বলতে চান না। এমনটাই সাফ জানিয়ে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইলন মাস্ক যদি তাঁর পথে বাধা হয়ে দাঁড়ান, তবে ভয়ানক পরিণতি হতে পারে। সেই হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট।
জানিয়েছেন, তাঁর বিল আটকাতে এ বার যদি ইলন মাস্ক ডেমোক্র্যাটদের দিকে ঝোঁকেন, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। তবে কী পদক্ষেপ, তা খোলসা করেননি মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ইলন মাস্কের সংস্থার সঙ্গে আমেরিকার সরকারি চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, এখনও চুক্তি বাতিলের বিষয়টি তিনি সে ভাবে ভেবে দেখেননি।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারে ইলন মাস্ককে পাশে পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসনে বিশেষ গুরুত্ব পান মাস্ক। ট্রাম্প এবং মাস্কের ঘনিষ্ঠতা দিন দিন বাড়ছিল। কিন্তু সম্প্রতি ট্রাম্পের একটি বিল সেই সম্পর্কে কার্যত ইতি টেনে দিয়েছে।
