
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের বন্দরগুলিতে মার্কিন নৌসেনার অবরোধ অব্যাহত রাখা হবে বলে মঙ্গলবার গভীর রাতে, ভারতীয় সময় জানিয়েছেন তিনি।
ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা- পাকিস্তানের অনুরোধে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে আমেরিকা। মঙ্গলবার রাত থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বসার কথা ছিল আমেরিকার এবং ইরানের। মঙ্গলবার সকালে আমেরিকার একটি সংবাদসংস্থাকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, বৈঠকে অংশ নিতে পাকিস্তানের উদ্দেশে রওনা হচ্ছে তাঁর প্রতিনিধিদল। কিন্তু দুপুরে আমেরিকারই অন্য একটি সংবাদমাধ্যম দাবি করে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তাঁর দলবলের পাকিস্তান সফর পিছিয়ে গিয়েছে।
এর পরেই রাতে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, যুদ্ধবিরতি নিয়ে ইরান সরকারের অন্দরে গুরুতর মতবিরোধ চলছে। সেটাই অবশ্য স্বাভাবিক। তবে এর পরেই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালীকে ঘিরে নৌ-অবরোধ চলবে।









