
শনিবার আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর আমেরিকা সফর চলবে ২১ থেকে ২৩ সেপ্টেম্বর।
কোয়াড সম্মেলনে অংশ নেবেন তিনি।রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন বলেও জানা গিয়েছে। নভেম্বর মাসে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। ঠিক তার আগে প্রধানমন্ত্রীর সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ডেলাওয়ারের উইলমিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডাকা কোয়াড সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এই সম্মেলনে গত এক বছরের কাজের পর্যালোচনা হবে, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এলাকার ভবিষ্যতের রূপরেখা নিয়ে আলোচনা করবে চার দেশের রাষ্ট্রপ্রধানরা।এরপর ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্ক রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারাও। নিউ ইয়র্কেই ২২ সেপ্টেম্বর প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠান যোগ দেবেন প্রধানমন্ত্রী। এরপর বেশ কিছু আমেরিকান কোম্পানির সিইও-দের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।
