
নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কয়েক ঘণ্টা আগেও আট যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পূর্বসূরি বারাক ওবামাকে খোঁচা দিয়ে দাবি করেছেন, নোবেল পাওয়ার মতো কিছুই করেননি প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট।
বরং আমেরিকাকে ধ্বংস করেছেন। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, কোনও পুরস্কারের লোভে তিনি এই কাজ করেননি। প্রেসিডেন্ট ট্রাম্প ওবামাকে খোঁচা দিয়ে বলেছেন, ওবামা কিছু না করেই নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। নোবেল কমিটি কিছু করার জন্য নয়, বরং দেশকে ধ্বংস করার জন্য ওবামাকে পুরস্কার দিয়েছিল।প্রসঙ্গত, ২০০৯ সালে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার আট মাসের মাথায় নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ওবামা।নোবেল কমিটির তরফে সেই সময় জানানো হয়েছিল,আন্তর্জাতিক কূটনীতিকে আরও শক্তপোক্ত করে মানুষের সঙ্গে মানুষের সংযোগ আরও বৃদ্ধি করার কাজে উদ্যোগী হওয়ার জন্যই ওবামাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে। উল্লেখ্য রিপাবলিকান ট্রাম্প আগেও বহু বার ডেমোক্র্যাট পূর্বসূরি ওবামার নোবেল পুরস্কার পাওয়া নিয়ে খোঁচা দিয়েছেন।
শুক্রবারও তার ব্যতিক্রম হয় নি। একইসঙ্গে আটটি যুদ্ধের মধ্যে ভারত-পাকিস্তান যুদ্ধ থামানো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, আগেও তা একাধিক বার জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই তিনি এই মন্তব্য করেছেন।
