
ইরান যুদ্ধের জট এখনও কাটেনি। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ৯০ মিনিটেরও বেশি সময় ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন আধিকারিক ইউরি উশাকভ সংবাদসংস্থা’কে জানিয়েছেন, মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে দুই রাষ্ট্রনেতার আলোচনা হয়েছে।
তবে আলোচনায় প্রেসিডেন্ট পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প দু’জনেই ইরান ও পারস্য উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির উপর বিশেষ মনোযোগ দিয়েছেন। তাঁর কথায়, ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুতিন। রুশ প্রেসিডেন্টের মতে, এর ফলে দু’পক্ষই আলোচনার সুযোগ পাবে এবং সার্বিকভাবে পরিস্থিতি স্থিতিশীল হবে। তবে ফোনালাপে ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ সতর্কবাণী দিয়ে বলেছেন, আমেরিকা এবং ইজরায়েল যদি মধ্যপ্রাচ্যে ফের সামরিক অভিযান চালায় তাহলে গোটা বিশ্বের জন্য তা বিপদ ডেকে আনবে।








