
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে এবং এর ওপর কড়া নজরদারি রাখবে আমেরিকা, এমনটাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একইসঙ্গে ইরানের সঙ্গে সমঝোতার খসড়া প্রস্তাবের সূত্র ধরে ওমানকে এই বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প ওমানকে সতর্ক করে বলেছেন, ওমানকেও বাকি সবার মতোই আচরণ করতে হবে, অন্যথায় আমরা তাদের উড়িয়ে দেব।ইরান ও ওমান যৌথভাবে এই গুরুত্বপূর্ণ নৌপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখবে,এমন কোনো স্বল্পমেয়াদি চুক্তি মার্কিন প্রশাসন মেনে নেবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি তা নাকচ করে দেন। তিনি বলেছেন, না, এই প্রণালি সবার জন্য ওপেন থাকবে।এটি একটি আন্তর্জাতিক জলসীমা।কেউ এটি এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না। আমেরিকা এর ওপর নজর রাখবে, তবে কেউ এর নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারবে না। প্রেসিডেন্ট ট্রাম্প আরও যোগ করেছেন, ইরানের সঙ্গে বর্তমানে মার্কিন প্রশাসনের যে আলোচনা চলছে, এটি সেই আলোচনারই একটি অন্যতম প্রধান শর্ত।প্রেসিডেন্ট ট্রাম্পের এই আগ্রাসী মন্তব্য এমন একসময়ে এসেছে যার মাত্র কয়েক দিন আগেই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে জানিয়েছিলেন যে, হরমুজ প্রণালি ব্যবস্থাপনার সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই এবং এটি ওমানের সঙ্গে যৌথ সমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। ইরানের অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও এই শর্তের কথা বারবার পুনর্ব্যক্ত করে আসছিলেন।
উল্লেখ্য আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল পরিবহনের প্রধান এই রুটটির নিয়ন্ত্রণ নিয়ে তেহরানের দাবির মুখে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কঠোর অবস্থান এবং ওমানকে দেওয়া সরাসরি সামরিক হুমকি মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ-রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিলো বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।
