
আবারও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্বস্তি বাড়িয়েছেন তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ১৫ মার্চ ইয়েমেনে হুথিদের ঘাঁটি লক্ষ্য করে আমেরিকা যে হামলা চালিয়েছিল, তার তথ্য আগেই তিনি স্ত্রী এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করেছিলেন,ওই হামলার আগেই তা নিয়ে দীর্ঘক্ষণ আড্ডা চলেছে হেগসেথের ঘনিষ্ঠ বৃত্তে। অভিযোগ, কীভাবে কখন কোন বিমান ইয়েমেনে হুথি ঘাঁটি লক্ষ্য করে গোলাবর্ষণ করবে, তা বিশদে আলোচনা করা হয়েছিল ওই ব্যক্তিগত চ্যাটে।
নির্দিষ্ট একটি গ্রুপ চ্যাট-এর কথা উল্লেখ করে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এর আগেও হেগসেথের একটি ভুলে ইয়েমেনে হামলার ছক ফাঁস হয়ে গিয়েছিল।অভিযোগ, হোয়াইট হাউসের গ্রুপ চ্যাটে তিনি ভুল করে এক সাংবাদিককে অ্যাড করেছিলেন। ফলে ইয়েমেনে হামলা সংক্রান্ত কর্তাদের যাবতীয় আলোচনা ওই সাংবাদিক আগে থেকেই জেনে যান।সেই খবর প্রকাশ্যে আসার পর অবশ্য প্রতিরক্ষামন্ত্রীর পাশেই দাঁড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু দ্বিতীয়বার একই অভিযোগ উঠেছে হেগসেথের বিরুদ্ধে। নিউ ইয়র্ক টাইমসের দাবি, যে সময়ে সাংবাদিককে গ্রুপে উঠেছে করেছিলেন হেগসেথ, প্রায় একই সময়ে তিনি স্ত্রী, বন্ধুদের সঙ্গেও মার্কিন সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।এর ফলে ট্রাম্প প্রশাসনের গোপনীয়তা এবং কর্তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। দাবি করা হয়েছে, নিজের ব্যক্তিগত ফোনে একটি কথোপকথনের অ্যাপে গ্রুপ খুলেছিলেন হেগসেথ।
তাতে সদস্য হিসেবে ছিলেন তার স্ত্রী, ভাই, এক আইনজীবী বন্ধু এবং ঘনিষ্ঠ আরও কয়েকজন। দফতরের কাজে গোপনীয়তা রক্ষার জন্য হোয়াইট হাউস থেকে কর্তাদের আলাদা মোবাইল দেওয়া হয়। স্ত্রী, বন্ধুর সঙ্গে আলোচনার সময় সেই ফোন ব্যবহার করেননি হেগসেথ। হেগসেথের সেই গ্রুপ-এর নাম ডিফেন্স টিম হাডল। অন্তত ১২ জন সদস্য রয়েছেন তাতে। উল্লেখ্য ,হেগসেথের স্ত্রী ফক্স নিউজের প্রাক্তন প্রযোজক। অভিযোগ, সামরিক ক্ষেত্রের একাধিক গোপন এবং গুরুত্বপূর্ণ বৈঠকে তিনিও হেগসেথের সঙ্গে ছিলেন। একাধিক সূত্র উল্লেখ করে এই খবর জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
